বিশ্বকাপ জিতলে সব ক্রিকেটারকে বিএমডব্লিউ দেবে নগদ
বাংলাদেশ দল যদি এবারের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে দলের প্রত্যেক খেলোয়াড়কে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ। পেমেন্ট ক্যাম্পেইনে বিএমডব্লিউ গাড়ি উপহার দেয়ার পর এবার বিশ্বকাপ উপলক্ষে নগদের ১৫টি বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার এই ঘোষণা এল।
এ নিয়ে শুক্রবার নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সব ক্রিকেটার দলকে চ্যাম্পিয়ন করার জন্যই খেলবেন। পেছনে কী হয়েছে বা না হয়েছে, এসব ভুলে সবাই এখন মাঠের খেলায় মন দেবেন বলে আমার বিশ্বাস। আমি আশা করি, সবাই এখন মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফেরার জন্যই খেলবে।”
প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক আগে থেকেই নানাভাবে কাজ করে আসছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং হাল আমলের মেহেদী হাসান মিরাজ এই প্রতিষ্ঠানটির ব্র্যান্ডের হয়ে কাজ করছেন। এবার জাতীয় দলের সকল ক্রিকেটারের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়ে তাদের উৎসব আরও বাড়ানোর চেষ্টা করছে নগদ। সেই সূত্র ধরেন
সম্প্রতি সাকিব-তামিমের একটি যৌথ ভিডিও কনটেন্ট প্রকাশ করেছে নগদ। ক্রিকেট বিশ্বকাপ একেবারে দুয়ারে দাঁড়িয়ে গত মঙ্গলবার প্রকাশ হয়েছে এই ভিডিওটি। অনলাইনে ও অফলাইনে ওই কনটেন্ট নিয়ে চলছে আলোচনা।
কনটেন্টটির মাধ্যমে সারা দেশকে ‘এক’ হয়ে আরেকবার গর্জে ওঠার আহবান জানান ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
সাকিব ও তামিমকে বহু বছর পর এক ফ্রেমে আনতে পারার পেছনের কথা বলতে গিয়ে তানভীর এ মিশুক বলেন, “সাকিব তামিমকে আমরা সবসময় মাঠেই দেখেছি একসাথে। একসাথে বাংলাদেশের হয়ে অনেক খেলা জিতিয়েছেন তারা।
“আমার ইচ্ছা ছিল যে, তাদের যদি মাঠের বাইরেও একসাথে দেখা যায়, তাহলে চমৎকার হয়! আমি বিশ্বাস করি ১৭ কোটি মানুষ চায় সাকিব তামিম একসাথে থাকুক, একসাথে খেলুক, একসাথে জয় নিয়ে আসুক।”







